গত ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী, সাংবাদিকসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ‘রাষ্ট্র সংলাপ ফোরাম (এসডিএফ)’ নামের একটি সামাজিক ও নাগরিক সংগঠনের পক্ষ থেকে দাখিল করা ওই অভিযোগপত্রে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, তার নামও রয়েছে।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক দাবি করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন হিরো আলম।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাক্ষ্য–প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণ করা না গেলে অভিযোগকারীদের বিরুদ্ধে তিনিও আইনি ব্যবস্থা নেবেন।
সংবাদ সম্মেলনে হিরো আলম দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তিনি শিক্ষার্থীদের পাশেই ছিলেন। তিনি নিজেকে একজন ‘জুলাই যোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে তার নাম এই অভিযোগে যুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি প্রশ্ন করেন, এতদিন পর কেন হঠাৎ করে তার নাম এই মামলায় যুক্ত করা হলো।
/এএসএফ