• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ এএম


‘বিচার প্রক্রিয়া ধীর করে সরকার বিচারহী/নতার পথে’—হামিদুর রহমান আযাদ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৩ জুলাই ২০২৬ ৬:৩৩ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তার মতে, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্য তদন্ত ও বিচার কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার, বিচার এবং নির্বাচন—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছিল। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচন সম্পন্ন হলেও বিচার প্রক্রিয়ায় এখনো প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না।

তিনি বলেন, “জনগণের আস্থা ফিরিয়ে আনতে তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি।”

জামায়াতের এই নেতা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা এবং দেশের ভবিষ্যতের অনেকটাই এর ওপর নির্ভর করছে। তার দাবি, ওই আন্দোলনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছিল। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, মানবতাবিরোধী অপরাধের সূচনা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনের ঘটনার মধ্য দিয়ে হয়েছিল।

হামিদুর রহমান আযাদ বলেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জুলাই গণহত্যার বিচার প্রশ্নে প্রায় সব রাজনৈতিক দলের অবস্থান এক। এছাড়া শহীদ পরিবারের সদস্যরাও দ্রুত বিচার সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

এদিন জুলাই গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সাত দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে জমা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের একটি প্রতিনিধিদল।

/এসএন