• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ০৩:২১ এএম


“এই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন”- হাসনাত আব্দুল্লাহ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৯:১৮ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন, ‘নকল আর চলবে না।’ কিন্তু ২০২৬ সালের শিক্ষার্থীরা দেখিয়ে দিচ্ছে, এ ধরনের ‘স্ট্যান্টবাজি’ আর বাংলাদেশে চলবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বন্যা ও জলাবদ্ধতার মধ্যে হাঁটুসমান, এমনকি বুকসমান পানির মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পরীক্ষার প্রশ্নপত্রে ভুল থাকা সত্ত্বেও এ বিষয়ে কোনো দুঃখ প্রকাশ করা হয়নি। বরং শিক্ষার্থীদের ‘মাদকাসক্ত’ বলে মন্তব্য করা হয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষামন্ত্রী, আপনি যাদের ফার্মের মুরগি বলছেন, সেই ফার্মের মুরগিরাই রাস্তায় নেমেছিল বলেই আজ আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। তারাই রাস্তায় নেমেছিল বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন, আর লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করুন। কারণ আপনাদের সন্তানরা দেশে নয়, বিদেশে পড়াশোনা করে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, সংবিধান সংস্কার নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার দাবি, ২০২৬ সালের নির্বাচনও সংবিধানের নির্ধারিত সময়সূচি অনুযায়ী হয়নি। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই নতুন বাংলাদেশের পথচলা শুরু হয়েছে এবং সেই বাস্তবতাকে উপেক্ষা করা উচিত নয়।

চাঁদাবাজির বিরুদ্ধেও কঠোর অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘প্রতি ২০০ টাকা আয় করলে ৫০ টাকা বিএনপি, ছাত্রদল, যুবদল এবং স্থানীয় এমপিদের চাঁদা দিতে হয়। এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। যদি কেউ মনে করেন এভাবে দীর্ঘদিন চলবে, তাহলে ভুল করবেন। প্রতি বছর জুলাই আসে না, কিন্তু যখন জুলাই আসে, তখন পালানোর জায়গা পাওয়া যায় না।’

পথসভায় হাসনাত আবদুল্লাহ সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান পদে তুহিন মাহমুদ, সোনারগাঁ পৌরসভার মেয়র পদে মোস্তফা এবং পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে শাকিল সাইফুল্লাহকে এনসিপির সমর্থন দেওয়ার ঘোষণা দেন।

/এএসএফ