• ঢাকা
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম


পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৪ জুলাই ২০২৬ ৮:৩২ পিএম

এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘোষণা দেন তিনি।

অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞানের ভুল দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। কোনো শিক্ষার্থী যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি ইতোমধ্যে এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

তিনি বলেন, চলতি এইচএসসি পরীক্ষার পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল ছিল। সরকার দায়িত্ব গ্রহণ করেছে মাত্র চার মাস আগে। প্রশ্ন প্রণয়নের দায়িত্বে ছিলেন আগের প্রশ্ন মডারেটররাই।

স্পিকারকে উদ্দেশ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন মডারেশনের পুরো প্রক্রিয়া প্রায় দুই বছর আগে থেকে শুরু করতে হয়। বর্তমান সরকার এসে নতুন করে কোনো প্রশ্ন তৈরি করেনি। বিগত সরকারের সময় দায়িত্বে থাকা মডারেটররাই এসব প্রশ্ন প্রণয়ন করেছেন। তবুও সরকার তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ নম্বর প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দিয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছিল। পরীক্ষা চলাকালে সারাদিন সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হয়েছে। তাদের মূল্যায়ন অনুযায়ী, সার্বিকভাবে পরীক্ষা ভালোভাবেই অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের মাঠে বৃষ্টির পানি জমে যাওয়ায় কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওই কেন্দ্রে পরীক্ষা বিলম্বে শুরু করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া এক পরীক্ষার্থীর পোশাক বৃষ্টিতে ভিজে যাওয়ায় তাকে বাড়ি থেকে নতুন পোশাক এনে পরিবর্তনের সুযোগ দেওয়া হয়। পরে ওই পরীক্ষার্থীর পরীক্ষা এক ঘণ্টা দেরিতে নেওয়া হয় এবং সে অনুযায়ী পরীক্ষার সময়ও বাড়িয়ে দেওয়া হয়।

/এসএন