• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম


ওসমান হাদী হত্যার দুই আসামীকে ফেরত পাঠাচ্ছে ভারত

আপডেট টাইম: ৮ এপ্রিল ২০২৬ ৯:০৯ পিএম

ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িত ভারতে পলাতক দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে নয়াদিল্লি রাজি হয়েছে বলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ্যে আসেনি, যার কারণে পুরো বিষয়টি নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়ে গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র ইঙ্গিত দিচ্ছে, বিষয়টির সত্যতা রয়েছে এবং এ নিয়ে পর্দার আড়ালে জোর কূটনৈতিক তৎপরতা চলছে।

পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার এই অগ্রগতি মূলত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বর্তমান ভারত সফরেরই একটি অংশ। তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং সেখানে চলমান দ্বিপক্ষীয় আলোচনার অন্যতম এজেন্ডা হিসেবে খুনিদের হস্তান্তরের বিষয়টি নয়াদিল্লির কাছে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। 

ধারণা করা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রীর এই কূটনৈতিক প্রচেষ্টার ফলশ্রুতিতেই ভারত সরকার আসামিদের ফেরত দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে। তবে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ বিবৃতি বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে অস্পষ্টতা দূর হবে।

এদিকে, দুই দেশের মধ্যকার কূটনৈতিক এই আলাপ-আলোচনার মাঝেই আগামী মাসে উচ্চপর্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ সফরের সম্ভাবনা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রমতে, আগামী মাসের ১০ তারিখের মধ্যে তারেক রহমানের ভারত সফরে যাওয়ার একটি পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, পররাষ্ট্রমন্ত্রীর বর্তমান সফরের মাধ্যমেই মূলত সম্ভাব্য ওই সফরের ক্ষেত্র ও রূপরেখা প্রস্তুত করা হচ্ছে। আর সেই আসন্ন সফরের আগেই ওসমান হাদীর হত্যাকারীদের হস্তান্তরের বিষয়ে ভারতের সম্মতি পাওয়া গেলে তা ঢাকার জন্য একটি বড় কূটনৈতিক অগ্রগতি হিসেবেই বিবেচিত হবে।