রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।ওসি জানান, স্টুডিওটির জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে। নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে ব্রাউনফিশ স্টুডিও পরিচালনা করছিলেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের যাতায়াতে বাধা সৃষ্টি করেছিল। চলাচলে সমস্যার কারণে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়। এরপরই স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।সালমান মুক্তাদিরের অভিযোগ, শনিবার দিনগত রাতে দুই ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালায়। রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি জানান, হামলায় স্টুডিওটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পরে সালমান মুক্তাদির অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিক হতে পারেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে। তবে চাঁদা দাবির অভিযোগের সত্যতা পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
/বিএসএস