লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীকে ধর্ষণ এবং ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে মো. তারেক হাসান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত অতীতে ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয় নেতারা।
মামলার এজাহার অনুযায়ী, দীর্ঘদিন ধরে তারেক হাসান ওই তরুণীকে উত্যক্ত করে আসছিলেন এবং প্রেমের প্রস্তাব দিতেন। অভিযোগে বলা হয়েছে, তরুণী প্রস্তাব প্রত্যাখ্যান করার পর গত ৩ জুন রাত আনুমানিক ১টার দিকে কৌশল ও জোরপূর্বক তাকে বাড়ির পাশের একটি মুরগির খামারে নিয়ে ধর্ষণ করা হয়। এ সময় ঘটনার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে কাউকে কিছু না বলতে বলা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, সামাজিক চাপ ও হুমকির কারণে বিষয়টি দীর্ঘদিন গোপন ছিল। পরে গত ১৩ জুলাই অভিযুক্তের ব্যবহৃত মোবাইল ফোন থেকে ধারণ করা ভিডিও এক আত্মীয়ের কাছে পাঠানো হলে ঘটনাটি পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর ভুক্তভোগীর বাবা রামগতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রামগতি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরাজ মাহমুদ বলেন, অভিযুক্ত বর্তমানে তাদের সংগঠনের সঙ্গে যুক্ত নন। অতীতে সম্পৃক্ত থাকলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিঠন দেওয়ান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
/এএসএফ