জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ কিংবা বের হওয়ার সময় স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রচলিত রীতি বাতিল ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি সংসদ সদস্যদের নিজ নিজ ধর্মীয় রীতি অনুসরণ করে সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান স্পিকার।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৭ নম্বর বিধান অনুযায়ী সংসদের বৈঠক চলাকালে কোনো সদস্য সংসদে প্রবেশ, সংসদকক্ষ ত্যাগ কিংবা আসন গ্রহণ ও ত্যাগের সময় সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে অষ্টম জাতীয় সংসদের সময় এই বিধি সংশোধন করে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছিল।
তিনি আরও জানান, বিষয়টি খতিয়ে দেখে তিনি নিশ্চিত হয়েছেন যে অষ্টম সংসদের কার্যপ্রণালি বিধিসংক্রান্ত স্থায়ী কমিটি এ বিষয়ে একটি প্রতিবেদন সংসদে উপস্থাপন করেছিল। পরবর্তীতে সেই প্রতিবেদন সংসদে বিবেচিত ও গৃহীত হয় এবং সেখানে ২৬৭(১) বিধির সংশোধনী অন্তর্ভুক্ত ছিল।
স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, “যেহেতু কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়েছে, সেহেতু আপনারা জাতীয় সংসদে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী স্পিকারের চেয়ার বা সভাপতির প্রতি সম্মান জানাবেন।”
এর আগে গত ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো. মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্পিকারের প্রতি মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিষয়টি নিয়ে সংসদে আলোচনা তোলেন এবং এর সুরাহা কামনা করেন।
সেই সময় তিনি দাবি করেছিলেন, মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর এই রীতি ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি ‘শিরকের কাছাকাছি’ চলে যায়।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তখন জানিয়েছিলেন, তিনি সংসদের কার্যপ্রণালি বিধি পর্যালোচনা করে বিষয়টি পরে সংসদকে অবহিত করবেন। সেই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার সংসদে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
/এসএন