চলতি বছরের বর্ষা মৌসুম শেষ হওয়ার পর সেপ্টেম্বর অথবা অক্টোবর মাস থেকে ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি জানান, বাজেটের প্রাপ্যতা এবং প্রশাসনিক প্রস্তুতির ওপর ভিত্তি করে নির্বাচনগুলো পর্যায়ক্রমে আয়োজন করা হবে। এ ক্ষেত্রে প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আয়োজন করা হবে।
মন্ত্রী আরও বলেন, নবগঠিত বগুড়া সিটি করপোরেশনসহ দেশের ১৩টি সিটি করপোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
সংসদে অন্য একটি প্রশ্নের জবাবে তিনি জানান, উপজেলা পরিষদে সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য পরিদর্শন কক্ষ নির্মাণের উদ্দেশ্যে দেশের প্রতিটি উপজেলায় ৬ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
ঢাকা ওয়াসার পানি সরবরাহ বিষয়ে মন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিদিন প্রায় ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার পানির চাহিদা রয়েছে। বিপরীতে উৎপাদন সক্ষমতা বর্তমানে ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।
তিনি জানান, পানি পরিশোধনের ক্ষেত্রে আধুনিক কেমিক্যাল ব্যবহারের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে সেগুলোর মান যাচাই করা হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে বাসাবাড়ির বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। ভবিষ্যতে এই ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও পরিবেশবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাকে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন সফটওয়্যার ভার্সন-২ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান। নতুন এই ব্যবস্থায় অনলাইন পেমেন্ট সুবিধা যুক্ত করা হবে।
অন্যদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সংসদে জানান, তরুণদের মোবাইল ফোনের আসক্তি এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে দেশব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মশালা ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলাগুলোতে এ বিষয়ে বিশেষ প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও সম্পন্ন হয়েছে।
/এসএন