• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ এএম


‘আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে’, আদ্-দ্বীন নিয়ে বি’স্ফোরক মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুন ২০২৬ ৮:২২ পিএম

অনিয়মের অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি দাবি করেছেন, হাসপাতালটির পক্ষ থেকে তার ওপর প্রভাব খাটানোর চেষ্টা করা হলেও তিনি কোনো ধরনের প্রলোভনে সাড়া দেননি।

শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সঙ্গে আপস করার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। তবে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো লোভ হয় নাই। প্রধানমন্ত্রী বলেছেন আপনি যা করবেন আমার পূর্ণ সমর্থন থাকবে। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘অন্যদিকে জামায়াতের নেতারা আজ আদ্-দ্বীনের পক্ষে কথা বলছেন।’

অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি জানান, চীনের সহযোগিতায় দেশে তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

এছাড়া পরীক্ষামূলকভাবে নতুন একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর পরিকল্পনার কথাও জানান তিনি। এ কার্যক্রমের আওতায় স্বাস্থ্যকর্মীরা মানুষের বাড়িতে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করবেন। রোগীর অবস্থা বিবেচনায় প্রয়োজন হলে তাকে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেন। পাশাপাশি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচিতেও অংশ নেন তিনি।

/এসএন