• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পিএম


আদ্-দ্বীনের রেফার রোগীদের ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুন ২০২৬ ১১:০৯ পিএম

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি ছয়টি হাসপাতালকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের ১১ জুন জারি করা স্মারক অনুযায়ী রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ পরিস্থিতিতে হাসপাতালটি থেকে যেসব রোগী রেফার করা হবে, তাদের দ্রুত ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আদ্-দ্বীন হাসপাতাল থেকে রেফার হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য নির্ধারিত সরকারি হাসপাতালগুলো হলো— ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল), শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট।

রেফার করা রোগীদের চিকিৎসা সেবায় কোনো ধরনের বিলম্ব না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

/এসএন