বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শনিবার (১৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর একটি বক্তব্য তাদের নজরে এসেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ভারত-বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে হাইকমিশনার কী বোঝাতে চেয়েছেন, তা তার কাছ থেকে স্পষ্টভাবে জেনে নেওয়া উচিত।তিনি বলেন, “ভারত যেমন একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।
তাই তার বক্তব্যের ব্যাখ্যা স্পষ্ট না হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।”জামায়াত আমির আরও বলেন, সরকারকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে জনগণের সামনে বিষয়টি পরিষ্কার করা উচিত। যদি বক্তব্যটির মাধ্যমে আক্ষরিক অর্থে দুই দেশের একীভূত হওয়ার কোনো ইঙ্গিত দেওয়া হয়ে থাকে, তাহলে তা গ্রহণযোগ্য নয় এবং নিন্দনীয়।
ডা. শফিকুর রহমানের মতে, দুই দেশের পারস্পরিক সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের অস্পষ্টতা থাকা উচিত নয়।তিনি বলেন, দেশের জনগণের মধ্যে যাতে কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সে জন্য বিষয়টির দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার যথাযথ পদক্ষেপ নিয়ে জনগণের সামনে প্রকৃত অবস্থান তুলে ধরবে বলেও আশা প্রকাশ করেন।
/বিএসএস