ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগ এবং ব্যাংকটির বর্তমান পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্যদের উত্থাপিত অভিযোগের জবাব দিতে গিয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৯ জুন) সংসদ অধিবেশনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামীও ইসলাম নয়।” তিনি আরও বলেন, প্রতিটি বিষয়ে ইসলামের দোহাই দেওয়া সমীচীন নয়।
ব্যাংকটিতে চলমান আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বৈধ গ্রাহকদের কোনো ধরনের সমস্যা হবে না। নিয়ম অনুযায়ী তাদের মালিকানা নিশ্চিত করা হবে। তবে তিনি অভিযোগ করেন, আড়াল থেকে কিছু ব্যক্তি বা গোষ্ঠী গ্রাহকদের নাম ব্যবহার করে ব্যাংকটিতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।
তিনি বলেন, এ ধরনের আন্দোলনের মাধ্যমে বেশি দূর এগোনো সম্ভব হবে না। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি আইন অনুযায়ীই মোকাবিলা করা হবে।
ব্যাংকের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের নিয়োগ কিংবা অপসারণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের যে কোনো সময় পরিচালনা পর্ষদকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে। এ বিষয়ে কারও আপত্তি থাকলে আগে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।
এ সময় তিনি আরও জানান, নাবিল গ্রুপসহ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করেনি, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে। পাশাপাশি নিয়মবহির্ভূতভাবে ৯ হাজার কর্মীকে চাকরিচ্যুত করার বিষয়টিও খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে ইঙ্গিত দেন তিনি।
এর আগে সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, অতীতে এস আলম গ্রুপ ২৬টি ভুয়া কোম্পানি গঠন করে ইসলামী ব্যাংক থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে। তিনি দাবি করেন, সরকার আবারও ব্যাংকটিতে বিতর্কিত ব্যক্তিদের বসিয়ে জনগণের অর্থ লুটপাটের নতুন সুযোগ সৃষ্টি করেছে।
উল্লেখ্য, গত ২৪ মে অধ্যাপক এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই নিয়োগের পর থেকেই ব্যাংকটির একাংশ গ্রাহক ও শেয়ারহোল্ডার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর বিরোধিতা করে আসছেন।
/এসএন