দক্ষিণ আফ্রিকায় এক নিখোঁজ ব্যবসায়ীর দেহাবশেষ একটি কুমিরের পেট থেকে উদ্ধার করা হয়েছে। দেশটির পুমালাঙ্গা প্রদেশের কোমাটিপোর্ট এলাকার কাছে কোমাটি নদী থেকে প্রায় ৫০০ কেজি ওজনের একটি কুমিরের অন্ত্র থেকে ওই দেহাবশেষ উদ্ধার করা হয়।
গত ২৭ এপ্রিল গাউটেং প্রভিন্সের ৫৯ বছর বয়সী ওই ব্যবসায়ী নিখোঁজ হন। এরপর প্রায় এক সপ্তাহ ধরে পুমালাঙ্গার পূর্বাঞ্চলীয় এলাকায়, মোজাম্বিক সীমান্তের কাছে ক্রুগার ন্যাশনাল পার্ক সংলগ্ন কোমাটিপোর্ট এলাকায় তার সন্ধানে অভিযান চালানো হয়।
পুলিশের মুখপাত্র কর্নেল মাভেলা মাসোন্দো জানান, শনিবার (২ মে) উদ্ধার হওয়া দেহাবশেষটি ওই নিখোঁজ ব্যবসায়ীর বলে ধারণা করা হচ্ছে। তিনি একটি জলমগ্ন নিচু সেতুর ওপর দিয়ে তার ফোর্ড রেঞ্জার গাড়ি নিয়ে পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় প্রবল স্রোতে গাড়িসহ তিনি ভেসে যান এবং ধারণা করা হচ্ছে, পরে কুমিরের আক্রমণের শিকার হন।
তিনি আরও জানান, সাউথ আফ্রিকান পুলিশ সার্ভিসের সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিট, ন্যাটজয়েন্ট, স্যানপার্কস, ইএমএস, সিকিউরকন এবং পোর্ট ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ে গঠিত একটি যৌথ দল কুমিরটিকে শনাক্ত করে। পরে হেলিকপ্টারের সাহায্যে সেটিকে উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় অনুমতি পাওয়ার পর কুমিরটিকে যন্ত্রণাহীনভাবে হত্যা করা হয় এবং এর অন্ত্র পরীক্ষা করে নিখোঁজ ব্যক্তির পোশাকসহ দেহাবশেষ পাওয়া যায়। পরিচয় নিশ্চিত করতে এখন ডিএনএ পরীক্ষা করা হবে।
এদিকে, প্রবল স্রোত এবং এলাকায় কুমিরের ব্যাপক উপস্থিতির কারণে অনুসন্ধান অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই কঠিন পরিস্থিতিতে উদ্ধার অভিযানে অংশ নেওয়া সদস্যদের সাহসিকতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন পুমালাঙ্গার ভারপ্রাপ্ত প্রাদেশিক কমিশনার মেজর জেনারেল ড. জেফ মখওয়ানাজি।
/এসএন