ভোলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে গোপাল দেবনাথ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর ভিকটিম শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুলিশ সুপার নিজে হাসপাতালে গিয়ে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
শিশু নির্যাতনের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।