• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ০৯:০৪ এএম


৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধে ভূমি মালিকদের জরুরি নির্দেশ

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ মে ২০২৬ ১১:৫২ এএম

সারাদেশের ভূমি মালিকদের চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর (খাজনা) বকেয়াসহ আগামী ৩০ জুনের মধ্যে পরিশোধ করার নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। সম্প্রতি জারি করা এক জরুরি নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।

ভূমি মন্ত্রণালয় বলেছে, জমি সুরক্ষিত রাখা এবং ভবিষ্যতে সম্ভাব্য আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই খাজনা পরিশোধ করা জরুরি। একই সঙ্গে কর পরিশোধে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছে সরকার।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নাগরিকরা ঘরে বসেই land.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনাকে আরও স্মার্ট, সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে এই ডিজিটাল সেবা চালু করা হয়েছে।

খাজনা পরিশোধের জন্য প্রথমে নির্ধারিত অনলাইন পোর্টালে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর খতিয়ান ও জোতসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রদান করলে করের পরিমাণ জানা যাবে। পরে মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ডসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

সরকারি অর্থবছর সাধারণত ৩০ জুন শেষ হয় উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ না করলে অতিরিক্ত চার্জ বা আইনি জটিলতা তৈরি হতে পারে। এ কারণে সময়সীমার মধ্যেই সব বকেয়া নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, অনলাইনভিত্তিক এই ব্যবস্থার ফলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন অনেকটাই কমে আসবে। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা আরও বাড়বে বলে মনে করছে মন্ত্রণালয়।

/এসএন