দেশে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার লক্ষ্যে সরকারি অফিসগুলোর ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান ইকবাল হাসান মাহমুদ টুকু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিটি জেলার সরকারি অফিসের ছাদে দ্রুত সোলার প্যানেল স্থাপন করা হয়। এই পরিকল্পনার আওতায় অতি দ্রুত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রী জানান, প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ইতোমধ্যে ক্যাবিনেট বিভাগ থেকে দেওয়া হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই কাজ শুরু ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
তিনি আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের বিদ্যুৎ সাশ্রয়ে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে এবং জ্বালানি খাতে চাপ কমবে।
সম্প্রতি সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের ভূমিকারও প্রশংসা করেন মন্ত্রী। তিনি বলেন, তাদের সক্রিয় সহযোগিতায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সরকারের এই উদ্যোগকে দেশের জ্বালানি খাতে টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
/এএসএফ