ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে পড়ে এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে দৌলতকান্দি ও ভৈরবের মাঝামাঝি একটি রেলসেতু এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগেই ওই বৃদ্ধা ব্রিজ পার হওয়ার উদ্দেশ্যে রেলসেতুতে উঠেছিলেন। কিন্তু মাঝপথে পৌঁছানোর আগেই দ্রুতগতিতে ট্রেনটি চলে আসে। সংকীর্ণ সেতুর কারণে তিনি আর সরে যাওয়ার সুযোগ পাননি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ট্রেনচালকও সামনে বৃদ্ধাকে দেখতে পেলেও ট্রেন থামানোর মতো পর্যাপ্ত সময় বা সুযোগ ছিল না। অন্যদিকে বৃদ্ধাও সামনে ধেয়ে আসা ট্রেন দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং নিজেকে রক্ষা করতে পারেননি।
দুর্ঘটনার পর তার মরদেহ সেতুর নিচের নদীতে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, ঘটনার পরপরই নদীতে তল্লাশি শুরু হলেও তাৎক্ষণিকভাবে মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা রেলসেতুগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
/এএসএফ