নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে (৪০) দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ইন্টারপোলের সহযোগিতায় তাকে দেশে আনা হয়।
গ্রেফতার আরিফ সরকার শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিন সরকারের ছেলে। বুধবার (৬ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পিবিআই জানিয়েছে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন আরিফ সরকার। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা থাকায় বুধবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে শিবপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি নিজ বাসায় গুলিবিদ্ধ হন হারুন অর রশিদ খান। পরে তাকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেলে প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর ১৩ এপ্রিল তাকে ভারতের দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে ১ মে দেশে ফিরিয়ে আনা হয়েছিল তাকে।
তবে ৭ মে তার শারীরিক অবস্থার অবনতি হলে আবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মে মারা যান হারুন অর রশিদ খান।
গুলির ঘটনার দুই দিন পর, অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি, তার ছেলে আমিনুর রশীদ খান তাপস শিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়। পুলিশ জানিয়েছিল, এজাহারভুক্ত প্রধান আসামিসহ চারজন দুবাইয়ে অবস্থান করছিলেন।
পিবিআইয়ের নরসিংদীর বিশেষ পুলিশ সুপার এসএম মোস্তাইন হোসেন বলেন, আরিফ সরকারকে দেশে ফিরিয়ে আনার মাধ্যমে হারুন অর রশিদ হত্যা মামলার সব আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
/এসএন