জামালপুরের ইসলামপুর উপজেলায় নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে তিন যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ গ্রামের শিপন (২১), ইব্রাহিম (২৭) ও ইউসুফ আলী (২২)। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় এক যুবকের সঙ্গে ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ওই যুবক ছাত্রীকে একটি পতিত জমির মাঠে ডেকে নেন। সেখানে যুবকটি প্রথমে ওই ছাত্রীকে ধর্ষণ করেন। ওই সময় সেখানে আগে থেকেই ওত পেতে ছিলেন শিপন, ইব্রাহিম ও ইউসুফ। তারা এগিয়ে গেলে ওই যুবক সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। পরবর্তীতে শিপন, ইব্রাহিম ও ইউসুফ ওই ছাত্রীকে আটকে রেখে পালাক্রমে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন।
ভয়াবহ এই ঘটনার ১৬ দিন পর ২০২৪ সালের ৫ মে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ওই যুবকসহ মোট চারজনকে আসামি করা হয়েছিল। দীর্ঘ শুনানি ও আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মামলায় ভুক্তভোগী ছাত্রীসহ মোট নয়জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। বিচারিক প্রক্রিয়ায় আসামিরা সবাই ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। এতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। অপরাধের গুরুত্ব বিবেচনা করে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিলেও মামলার অপর আসামি সেই যুবককে খালাস দিয়েছেন।