জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে দায়ের করা মামলার রায়কে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
শুনানিতে বাদীপক্ষ নাসির ও তামিমার সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। অন্যদিকে বিবাদীপক্ষ নিজেদের নির্দোষ দাবি করে বলেছে, তাদের বিয়ে আইনসম্মতভাবেই হয়েছে।
তামিমার সাবেক স্বামী রাকিব হাসান অভিযোগ করেন, আইনগতভাবে বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই তামিমা নাসিরকে বিয়ে করেন। এ অভিযোগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তিনি মামলা দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী ইসরাত জাহান বলেন, দণ্ডবিধির ৪৯৭ ধারা অনুযায়ী অন্যের স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন ব্যভিচার হিসেবে গণ্য হতে পারে, যার শাস্তি সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড। এছাড়া ৪৯৮ ধারায় আরও দুই বছর পর্যন্ত সাজা হতে পারে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোসলেম উদ্দিন জসীম বলেন, নাসির ও তামিমা বৈধভাবে বিয়ে করেছেন এবং তাদের কাছে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র রয়েছে। তিনি দাবি করেন, সম্মানহানির উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে।
২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানের মাধ্যমে নাসির ও তামিমার বিয়ে সম্পন্ন হয়।
পরে মামলার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি আদালত অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু করেন।
দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এখন মামলার রায় ঘোষণার অপেক্ষা চলছে।
/এএসএফ