আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের ষষ্ঠ অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, জেলা প্রশাসকরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছেন এবং কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। তিনি জানান, এসব পরামর্শ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। তার ভাষায়, স্থানীয় সরকারই গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি এবং তৃণমূল পর্যায়ের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে আরও কার্যকর ও শক্তিশালী করা গেলে গণতন্ত্রও আরও সুদৃঢ় হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, তাদেরকে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাদের ওপরই বর্তাবে এবং সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে তাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, জনগণই এই দেশের প্রকৃত মালিক, তাই তাদের সম্পৃক্ত করেই সব কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, গত কয়েক বছরে স্থানীয় সরকার ব্যবস্থায় নানা ধরনের ক্ষতি হয়েছে। বিশেষ করে এই খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। এসব অনিয়ম তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এছাড়া তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্যও মন্ত্রণালয় কাজ করবে।
/এসএন