• ঢাকা
  • রোববার, ০২ আগস্ট ২০২৬, ১২:৪৩ পিএম


গণতন্ত্র রক্ষায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: আইনমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ এপ্রিল ২০২৬ ১০:২৮ এএম

গণতন্ত্রের সুরক্ষা ও বিকাশে সংবাদমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় অবস্থিত দ্য ডেইলি স্টার-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকাটির কার্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে গত বছরের ১৮ ডিসেম্বর ওই কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল ঘুরে দেখেন মন্ত্রী এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অতীতে গণমাধ্যমের ওপর যে ধরনের হামলা হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মন্ত্রী আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সংবাদমাধ্যমকে স্বাধীন ও নির্ভীকভাবে কাজ করার সুযোগ দিতে হবে। সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলতে চায়, যেখানে গণমাধ্যম কোনো ধরনের ভয়ভীতি বা বাধা ছাড়াই দায়িত্বশীলভাবে কাজ করতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশকে সংবাদমাধ্যমের স্বাধীনতার পথে এগিয়ে নিতে হলে সব ধরনের প্রতিবন্ধকতা দূর করা প্রয়োজন।

ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক এবং অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।