ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে নির্ধারিত সময় পেরিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ায় এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আসন্ন ১২ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল গত মঙ্গলবার (২১ এপ্রিল) বিকাল ৪টা পর্যন্ত। তবে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে ১৯ মিনিট পরে মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম।
যদিও ইসি প্রাথমিকভাবে তার মনোনয়নপত্র গ্রহণ করে, তবে রিসিভ কপিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে এটি নির্ধারিত সময়ের পরে জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে বিধি অনুযায়ী দেরিতে জমা দেওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এর আগে সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট তাদের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করে। এতে জামায়াত থেকে ৯ জন, এনসিপি থেকে ২ জন, জাগপা থেকে ১ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জনকে সমর্থন দেওয়া হয়।
তবে এনসিপির প্রার্থী তালিকায় থাকা মনিরা শারমিনকে ঘিরে বিতর্ক তৈরি হয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি চাকরি ছাড়ার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রার্থী হওয়ার বিধান নেই। কিন্তু তিনি রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার কয়েক মাসের মধ্যেই প্রার্থী হন। এ কারণে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র স্থগিত করে।
মূলত মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হওয়ার সম্ভাবনা থাকায় বিকল্প প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেয় এনসিপি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে না পারায় শেষ পর্যন্ত সেই কৌশলও সফল হয়নি।
ফলে সময়সীমা অমান্য করায় সংরক্ষিত নারী আসনের এই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ হারালেন নুসরাত তাবাসসুম।