• ঢাকা
  • শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৩৭ এএম


সরকার দলীয় এমপির ‘হুমকিমূলক ভাষার’ প্রতিবাদ করলেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ এপ্রিল ২০২৬ ৯:৩৯ পিএম

জাতীয় সংসদে এক সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সংসদে হুমকিমূলক ও অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

বুধবার রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপি দলীয় সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভুঁইয়া বিরোধীদলের সমালোচনা করেন। তার বক্তব্যের এক পর্যায়ে “জনগণ বসে থাকবে না” মন্তব্যকে ঘিরে আপত্তি তোলেন বিরোধীদলীয় নেতা।

ফ্লোর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, একজন সংসদ সদস্যের এমন বক্তব্যে তারা আহত হয়েছেন এবং এটি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকে দেওয়ার শামিল হতে পারে। তিনি ওই বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) দাবি জানান।

এ বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বক্তব্যে অসংসদীয় কোনো শব্দ বা ভাষা থাকলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক বক্তব্যে “চুপ করে থাকবো না” ধরনের মন্তব্য নতুন কিছু নয় এবং এসব বিষয়ে পাল্টা বক্তব্যের মাধ্যমেই জবাব দেওয়া উচিত।