• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পিএম


বায়ুদূষণে শীর্ষে মালয়েশিয়ার কুচিং, ঢাকার অবস্থান ১৩তম

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২০ আগস্ট ২০২৬ ৪:১১ পিএম

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে বায়ুদূষণ ক্রমেই বাড়ছে। এরই মধ্যে বৃহস্পতিবার বায়ুদূষণের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩তম। এদিন ঢাকার বায়ুমান স্কোর ছিল ৯৫, যা ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে বিবেচিত হয়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে এ তথ্য উঠে আসে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, ২২৭ স্কোর নিয়ে বিশ্বের বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। এই মাত্রার বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

তালিকায় ১৫৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। আর ১৫৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

এরপরের অবস্থানগুলোর মধ্যে ভারতের দিল্লি, দুবাই এবং সৌদি আরবের রিয়াদের মতো শহরও বায়ুদূষণের দিক থেকে ওপরের দিকে রয়েছে।

আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুর মানের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে সেটিকে ‘অনেক ভালো’ হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে থাকে।

অন্যদিকে, ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।

এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

/এসএন