• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম


আশুলিয়ার মুদিদোকানে ফেলে যাওয়া ব্যাগে ‘প্রেশার কুকার’ বোমা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩১ জুলাই ২০২৬ ১১:২৭ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মুদিদোকানে ফেলে যাওয়া তালাবদ্ধ ভ্রমণব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

আশুলিয়া থানা-পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার চারাবাগ এলাকার একটি মুদিদোকানে মুখে মাস্ক পরা এক ব্যক্তি কোমল পানীয় কিনতে আসেন। দাম পরিশোধের জন্য তিনি দোকানদারকে ২০০ টাকার একটি নোট দেন। তবে দোকানদারের কাছে ভাঙতি না থাকায় তিনি পাশের দোকানে টাকা ভাঙাতে যান।

দোকানদার ভাঙতি টাকা নিয়ে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি আর দোকানে নেই। তবে তাঁর সঙ্গে থাকা একটি তালাবদ্ধ ভ্রমণব্যাগ দোকানেই পড়ে রয়েছে।

পুলিশ জানায়, দীর্ঘ সময় অপেক্ষা করার পরও ওই ব্যক্তি ব্যাগটি নিতে ফিরে না আসায় দোকানি বিষয়টি স্থানীয় লোকজনকে জানান। পরে ব্যাগটি খুলে ভেতরে স্কচটেপে মোড়ানো একটি প্রেশার কুকার দেখতে পান তাঁরা। সেটি সন্দেহজনক মনে হলে আশুলিয়া থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকা ঘিরে ফেলে। প্রাথমিক পরীক্ষায় ব্যাগের ভেতরে স্কচটেপে মোড়ানো ওই প্রেশার কুকারে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

পরে আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে আশপাশের এলাকা নিরাপদ রেখে ব্যাগে থাকা বোমাটি পাশের একটি খোলা মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটিটিসির বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

তিনি প্রথম আলোকে বলেন, ভ্রমণব্যাগটি ফেলে যাওয়া ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।