দীর্ঘদিন পর লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও দলটির আইনবিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমকে। লন্ডনের একটি রেস্তোরাঁয় বসে তাঁকে ডাব খেতে দেখা যায়। এ সময় তাঁর পরনে ছিল হাফ হাতা শার্ট।
রেস্তোরাঁয় বসে ডাব খাওয়ার সময় সাবেক ছাত্রদল নেতার তোপের মুখে পড়েন রেজাউল করিম। তাঁকে উদ্দেশ করে ওই ছাত্রদল নেতা বলতে থাকেন, ‘১৭ বছর ধরে ১৮ কোটি মানুষের মধ্যে গুম ও খুন করলেন। ইলিয়াস আলী নাই, চৌধুরী আলম নাই, আপনার এনসিপির নেতাদের মেরে ফেললেন, সাধারণ ছাত্রদের মারলেন। আপনারা সাউন্ড করে কথা বলার সাহস পান কোথায়।’
এর আগে গত বছরের ১৩ জুনও লন্ডনে প্রকাশ্যে দেখা গিয়েছিল শ ম রেজাউল করিমকে। সেদিন লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে একটি কেকের দোকানে বসে ছিলেন তিনি।
সেদিন হলুদ রঙের পোশাক পরা রেজাউল করিমের পাশে ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।
জানা যায়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন, তাতে অংশ নিতে শ ম রেজাউল করিম লন্ডনে অবস্থান করছিলেন। বেলা আড়াইটার দিকে শুরু হওয়া ওই বিক্ষোভ ছিল প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানকালে ধারাবাহিক বিক্ষোভ কর্মসূচির অংশ।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সাবেক মন্ত্রী রেজাউল করিম আত্মগোপনে চলে যান। পরে এক ভিডিও বার্তায় তিনি ভারত হয়ে তৃতীয় কোনো দেশে আশ্রয় নেওয়ার কথা স্বীকার করলেও নিজের সুনির্দিষ্ট অবস্থান প্রকাশ করেননি।
লন্ডনে তাঁর প্রকাশ্য উপস্থিতির মধ্য দিয়ে এতদিন তাঁর অবস্থান নিয়ে থাকা সেই রহস্যের অবসান ঘটল।