• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০২:৩৯ পিএম


পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূতের বৈঠক, সম্পর্ক জোরদারে আলোচনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩০ জুলাই ২০২৬ ১১:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর বাংলাদেশে তাঁর প্রথম সরকারি সফর শেষে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করতে পেরে ভালো লেগেছে। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

তিন দিনের সফরে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছান সার্জিও গোর। একই দিন সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সন্ধ্যা ৬টার পর পররাষ্ট্রমন্ত্রী ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত তাঁদের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। পরে খলিলুর রহমানের সঙ্গে প্রায় ২০ মিনিট একান্ত বৈঠক করেন সার্জিও গোর।

সফরকালে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গোর। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সার্জিও গোরের মন্তব্যে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।

সার্জিও গোর ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব দিয়েছেন।

গত জানুয়ারিতে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এটিই মার্কিন ধনকুবের সার্জিও গোরের প্রথম সফর।