• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৯ এএম


ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুলাই ২০২৬ ৭:২২ পিএম

ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের কোনো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গৌরনদীর কুতুবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত স্বনির্ভর খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘ক্ষমতার উৎস জনগণ, আমরা কেবল জনগণের সেবক।’ তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর অতিথিরা স্বনির্ভর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম, উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর শাখার আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্যসচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের সৈয়দ আলম খান সেন্টুসহ অন্যরা।

ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের বিষয়ে তথ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, এ প্রক্রিয়ায় কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।