ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।
রোববার (২৬ জুলাই) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে মোবারক।
মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার দুই দিন পর, ১৪ ডিসেম্বর রাতে হামলার অভিযোগে মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানসহ কয়েকজনকে আসামি করা হয়। অভিযোগে হামলার পরিকল্পনা, অর্থায়ন এবং সহযোগিতার বিষয়ও উল্লেখ করা হয়।
ঘটনার পর র্যাব ফয়সাল করিম মাসুদের স্ত্রী সাহেদা পারভীন, তার শ্যালক ওয়াহিদ আহমেদ এবং বান্ধবী মারিয়া আক্তারকে গ্রেপ্তার করে। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরবর্তীতে সাহেদা পারভীন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তার আবেদন গ্রহণ না করে জামিন নামঞ্জুর করেন। ফলে হাদি হত্যা মামলায় আপাতত তার কারামুক্তির সুযোগ থাকছে না।
/এএসএফ