• ঢাকা
  • সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ০১:৫৩ এএম


আইনে এক মাস থাকার সুযোগ থাকলেও দ্রুতই বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৬ জুলাই ২০২৬ ৪:১২ পিএম

সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়েছেন। রোববার দুপুর ২টা ২৪ মিনিটে তিনি সপরিবারে রাজধানীর গুলশানের বাসভবনের উদ্দেশে বঙ্গভবন ত্যাগ করেন।

বঙ্গভবন ও সংশ্লিষ্ট সরকারি সূত্র জানিয়েছে, প্রচলিত আইন অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট চাইলে দায়িত্ব ছাড়ার পর আরও এক মাস বঙ্গভবনে অবস্থান করতে পারেন। তবে পদত্যাগের পরপরই মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার প্রস্তুতি শুরু করেন।

সূত্রগুলো জানায়, গত কয়েক দিন ধরেই তার ব্যক্তিগত মালপত্র গুলশানের বাসভবনে স্থানান্তর করা হচ্ছিল। একই সঙ্গে ওই বাসভবনের পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় সংস্কারকাজও সম্পন্ন করা হয়েছে।

শারীরিক অসুস্থতার কারণ উল্লেখ করে গত শুক্রবার প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন।

এছাড়া সম্প্রতি তার বাইপাস সার্জারি হয়েছে। অস্ত্রোপচারের পর তিনি ‘অটোনোমিক নিউরোপ্যাথি’ নামের একটি জটিল রোগে আক্রান্ত হন। এর ফলে তিনি মাঝে মধ্যে স্বল্প সময়ের জন্য অচেতন হয়ে পড়েন বলেও পদত্যাগপত্রে উল্লেখ করেন।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

/এসএন