শব্দদূষণ কমাতে হর্ন নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজধানীতে শব্দদূষণ কমাতে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনায় যেভাবে এআইভিত্তিক ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, একই প্রযুক্তি কাজে লাগিয়ে যানবাহনের অপ্রয়োজনীয় হর্ন নিয়ন্ত্রণের কার্যকর উপায় বের করতে হবে।
বৈঠকে বায়ু ও শব্দদূষণ রোধে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার দূষণ কমাতে পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া রাজধানী থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশদূষণকারী যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি।
শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনার পাশাপাশি ঢাকার অন্তত ৫০টি স্থানে দ্রুত স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, দুই সিটি করপোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এএসএফ