• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম


শেরপুরে কানে তুলো, হাতে থালা! শব্দদূষণের বিরুদ্ধে কলেজ শিক্ষকের অভিনব প্রতিবাদ!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১২ জুলাই ২০২৬ ৭:১৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী কলেজের প্রভাষক মো. নুরুজ্জামান শব্দদূষণের বিরুদ্ধে ব্যতিক্রমী এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। কানে তুলো দিয়ে এবং হাতে স্টিলের থালা ও চামচ নিয়ে থালা বাজিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিনি জনসচেতনতা তৈরির চেষ্টা করেন।

রোববার (১২ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করেন তিনি। পরে উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে শব্দদূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বক্তব্য দেন।

প্রভাষক নুরুজ্জামান বলেন, বর্তমানে শব্দদূষণ এমন পর্যায়ে পৌঁছেছে, যা মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চল এমনকি পাহাড়ি বনাঞ্চলেও শব্দদূষণের প্রভাব ছড়িয়ে পড়েছে। এতে শুধু মানুষই নয়, বনের পাখি ও অন্যান্য প্রাণীও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি বলেন, দেশে বর্তমানে এইচএসসি পরীক্ষা চলছে। কিন্তু দিন-রাত যানবাহনের হর্ন, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ও ডিজে গানের কারণে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। এ পরিস্থিতিতে প্রশাসনের কার্যকর ভূমিকার অভাব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিজের অভিনব প্রতিবাদের কারণ ব্যাখ্যা করে নুরুজ্জামান বলেন, থালা বাজিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে অতিরিক্ত শব্দ মানুষের মস্তিষ্কে নেতিবাচক প্রভাব ফেলে এবং কর্মক্ষমতা কমিয়ে দেয়। শব্দদূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাত পর্যন্ত উচ্চ শব্দে মাইক ও ডিজে সাউন্ড বাজানোর কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থী, অসুস্থ ও বয়স্করা চরম দুর্ভোগে পড়ছেন। বিষয়টির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই ওই শিক্ষক এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তার এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক বলেন, “শব্দদূষণ অবশ্যই সবার জন্য ক্ষতিকর। আমরা চাই, এ বিষয়ে কীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে কাজ করতে।”

/এএসএফ