বর্ষা মৌসুমে রাজধানীর বাজারগুলোতে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে উচ্চমূল্যের কারণে দেশের জাতীয় মাছ এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে রয়ে গেছে। এক কেজি বা তার বেশি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হওয়ায় অনেক ক্রেতাকেই দাম শুনে খালি হাতে ফিরে যেতে দেখা গেছে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল, চন্দ্রিমা, ঢাকা উদ্যান, কাদেরাবাদ হাউজিং এবং জেনেভা ক্যাম্প বাজার ঘুরে দেখা গেছে, বাজারে ইলিশের উপস্থিতি থাকলেও দাম নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ রয়েছে। অনেকেই শুধু দাম জেনে ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ বাধ্য হয়ে ছোট আকারের ইলিশ কিংবা অন্য মাছ কিনে বাড়ি ফিরছেন।
বর্তমানে বাজারে ৪৫০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম রাখা হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা। অন্যদিকে এক কেজি বা তার বেশি ওজনের ইলিশের কেজিপ্রতি মূল্য ২ হাজার থেকে ২ হাজার ৮০০ টাকা পর্যন্ত।
টাউন হল বাজারে ইলিশ কিনতে আসা ক্রেতা শাওন বলেন, ইলিশ কেনার উদ্দেশ্যে বাজারে এলেও দাম শুনে শেষ পর্যন্ত ছোট মাছ নিয়েই ফিরতে হচ্ছে। সংসারের অন্যান্য ব্যয় মেটানোর পর এত বেশি দামে ইলিশ কেনা তার পক্ষে সম্ভব নয়।
একই বাজারের আরেক ক্রেতা চন্দনা রানী জানান, কয়েকটি দোকান ঘুরে তিনি এক কেজির কিছু বেশি ওজনের দুটি ইলিশ ৪ হাজার ২০০ টাকায় কিনেছেন। তার দাবি, বাজারে তাজা ইলিশের তুলনায় হিমাগারে সংরক্ষিত মাছই বেশি পাওয়া যাচ্ছে।
চন্দ্রিমা বাজারের ক্রেতা সাইফুল বলেন, সন্তানদের ইচ্ছা পূরণ করতে তিনি একটি ছোট ইলিশ কিনেছেন। বড় আকারের ইলিশ কেনার সামর্থ্য তার নেই।
জেনেভা ক্যাম্প বাজারের এক চাকরিজীবী জানান, ইলিশের মৌসুমে অন্তত একবার ইলিশ কিনতে চান। কিন্তু এক কেজি ইলিশ কিনতেই কয়েক দিনের বাজার খরচের সমপরিমাণ অর্থ ব্যয় হয়ে যায়।
ঢাকা উদ্যান বাজারের গৃহিণী খাদিজা বেগম বলেন, বাজারে মাছের কোনো সংকট নেই, কিন্তু দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, বাজারে এখনো পর্যাপ্ত পরিমাণে তাজা ইলিশ আসেনি। চন্দ্রিমা বাজারের মাছ বিক্রেতা মামুন বলেন, তার দোকানে ছোট আকারের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে উচ্চমূল্যের বড় ইলিশ তারা রাখেন না, কারণ তাদের অধিকাংশ ক্রেতাই নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির।
টাউন হল বাজারের মাছ বিক্রেতা বাদশা মিয়া জানান, এক কেজি বা তার কিছু বেশি ওজনের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তার মতে, বাজারে থাকা অধিকাংশ ইলিশ এখনও হিমাগারে সংরক্ষিত এবং তাজা ইলিশের সরবরাহ সীমিত।
বাজার ঘুরে আরও দেখা গেছে, ক্রেতাদের উপস্থিতি থাকলেও উচ্চমূল্যের কারণে ইলিশ কেনার আগ্রহ অনেকটাই কম। মধ্যবিত্ত ক্রেতাদের আশা, মৌসুমে সরবরাহ আরও বাড়লে দাম কমবে এবং জাতীয় মাছ আবারও সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসবে।
/এসএন