• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৮ এএম


শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৭ জুলাই ২০২৬ ১১:১৪ পিএম

নয়াদিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের করা অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। পাশাপাশি শেখ হাসিনা নিজেও ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।’

ব্রিফিংয়ে বাংলাদেশের করা আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে এক রাজনীতিককে হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় সব নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না, সেটিও জানতে চান তিনি।

এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ বিষয়ে তাঁর কোনো তথ্য জানা নেই। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, প্রত্যর্পণের যেকোনো অনুরোধ সংশ্লিষ্ট আইনগত বিষয় ও বিচারিক প্রক্রিয়া পর্যালোচনার ভিত্তিতেই বিবেচনা করা হয়ে থাকে।

/এএসএফ