• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ এএম


বরিশালে স্কুলশিক্ষার্থীদের আবদারে গাড়ি থামিয়ে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ১৩ জুলাই ২০২৬ ৮:৫৪ পিএম

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ শেষে বরিশালের উদ্দেশে রওনা হওয়ার পথে স্কুলশিক্ষার্থীদের অনুরোধে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাস-সংলগ্ন শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানকে একনজর দেখতে শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা মহাসড়কের পাশে অপেক্ষা করছিলেন। তাদের উপস্থিতি লক্ষ্য করার পর প্রধানমন্ত্রী প্রটোকল ভেঙে গাড়িবহর থামানোর নির্দেশ দেন।

পরে গাড়ি থেকে নেমে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষার্থীদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তোলেন। এরপর তাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান এবং স্মরণীয় সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন।

শিশুনিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তাদের বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন এবং তাদের ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। তার ভাষায়, এটি বিদ্যালয়ের জন্য অত্যন্ত স্মরণীয় একটি মুহূর্ত।

উল্লেখ্য, রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো সোমবার বরিশাল সফর করেন তারেক রহমান। সফরসূচি অনুযায়ী তিনি গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এবং ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকার সাগরদী খালপাড়েও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

/এসএন