• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম


সরকারি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষে’ধাজ্ঞা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৫ জুলাই ২০২৬ ১:২৮ পিএম

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি—থ্রিডি বা অন্য যেকোনো আঙ্গিকে—ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। এ বিষয়ে রোববার (৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, এখন থেকে সরকারি অনুষ্ঠানের জন্য ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুষ্ঠানের মূল বিষয়বস্তুকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি প্রাসঙ্গিক ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা এবং বিষয়বস্তু স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডের নকশা এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে সংশ্লিষ্ট কর্মসূচির উদ্দেশ্য ও বার্তা সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়।

পরিপত্রে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে নির্দেশনাটি অনতিবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এ পরিপত্রটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

/এসএন