• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম


নজরুল বর্ষের উদ্বোধন, কাজী নজরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর আবেগঘন মন্তব্য

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২ জুলাই ২০২৬ ৭:০৭ পিএম

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়ের বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে বছরব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬–২০২৭’-এর আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও দর্শনকে দেশজুড়ে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ বছরব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কবি নজরুলের সাহিত্য, দর্শন ও মূল্যবোধ শুধু সরকারি আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষও জাতীয় কবিকে গভীর ভালোবাসায় সিক্ত করেছেন। তিনি স্মরণ করিয়ে দেন, ১৯১৪ সালে কিশোর বয়সে নজরুল প্রথমবারের মতো ময়মনসিংহের ত্রিশালে এসেছিলেন। কবির সেই স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও সরকার যাচাই করে দেখছে।

তিনি আরও জানান, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে সরকার আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করেছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘বিদ্রোহী কবি, প্রেমের কবি, বিরহের কবি, তারুণ্যের কবি, বাংলাদেশের ঐতিহ্যের কবি, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় সাহিত্য-সাংস্কৃতিক ইতিহাসের অবিস্মরণীয় নাম। পরাধীন, পর্যুদস্ত, পরাভূত জাতির ভাগ্যাকাশে তাঁর আবির্ভাব ছিল আলোকবর্তিকার মতো। অন্যায়, শোষণ, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে কবির কলম ছিল শানিত অস্ত্র। প্রেম, প্রকৃতি থেকে শুরু করে ইসলামী মূল্যবোধ কিংবা শ্যামা সংগীত—প্রতিটি ক্ষেত্রেই নজরুল আমাদের শুদ্ধ প্রকাশের নামান্তর।’

/এসএন