• ঢাকা
  • শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পিএম


নোয়াখালিতে নানাবাড়ি যাওয়ার পথে মায়ের হাত ছেড়ে দৌড় দিয়ে বাসচাপায় প্রাণ গেল ৬ বছরের হাসনা জান্নাতের

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৩ জুলাই ২০২৬ ১১:৫৪ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে মায়ের হাত ধরে সড়ক পার হওয়ার সময় হঠাৎ দৌড়ে গিয়ে বাসচাপায় প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু হাসনা জান্নাত। শুক্রবার (৩ জুলাই) সকালে উপজেলার জয়াগ ইউনিয়নের ঢাকা পোল এলাকায় চাটখিল-সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কে হৃদয়বিদারক এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসনা জান্নাত চাটখিল পৌরসভার সুন্দলপুর গ্রামের মো. হাসানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মা রেহানা বেগমের সঙ্গে নানার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় হাসনা। ঢাকা পোল এলাকায় একটি অটোরিকশা থেকে নামার পর মা-মেয়ে সড়ক পার হওয়ার প্রস্তুতি নেন। এ সময় হাসনা মায়ের হাত ধরে থাকলেও হঠাৎ হাত ছেড়ে দ্রুত দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।

ঠিক সেই মুহূর্তে রামগঞ্জ থেকে ঢাকাগামী হিমালয় পরিবহনের একটি দ্রুতগতির বাস শিশুটিকে চাপা দেয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রাসেল ইসলাম জানান, শিশুটি মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ করেই সে দৌড়ে রাস্তার দিকে চলে যায়। এ সময় দ্রুতগতির একটি বাস এসে তাকে চাপা দেয়। ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে উপস্থিত কেউ তাকে রক্ষা করার সুযোগ পাননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, সড়ক পার হওয়ার সময় শিশুটি হঠাৎ দৌড়ে গেলে একটি বাস তাকে চাপা দেয়। ঘাতক বাস ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এএসএফ