বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এসব মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটির (এমএলএটি) অনেকগুলো ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই বাজেটের অন্যতম একটি লক্ষ্য হলো, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।’
বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের আমলে দেশ থেকে যে অর্থ পাচার হয়ে গেছে তা ফিরিয়ে আনার জন্য বিরোধীদলীয় নেতা সহায়তা করার কথা বলেছেন।’ এজন্য তিনি বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদও জানান।
সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠিয়েছে এবং শুধু তাই নয়, এই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি চূড়ান্ত হয়েছে অনেকগুলো।’
তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত ১৫টিরও বেশি ব্যাংক আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমে যুক্ত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ৬০টিরও বেশি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) স্বাক্ষর করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এবং আন্তর্জাতিক আইনকানুনের আওতায় যত দ্রুত সম্ভব এবং যত বেশি পরিমাণ পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনা যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
/এসএন