প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
সোমবার (২৯ জুন) রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা, ময়লা-আবর্জনা এবং দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল কার্যত ভরাট হয়ে গেছে। এসব খাল পুনরুদ্ধার করা না গেলে ঢাকা শহরকে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট থেকে রক্ষা করা সম্ভব হবে না।
তিনি বলেন, নগরবাসীর স্বার্থ এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে পর্যায়ক্রমে ২৯টি খাল দখলমুক্ত করা হবে। এ কাজে জনগণের সহযোগিতা নেওয়া হবে এবং প্রয়োজন হলে যেকোনো বাধা মোকাবিলা করে অভিযান পরিচালনা করা হবে।
শফিকুল ইসলাম খান আরও জানান, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবেই এদিন বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
পরিবেশ রক্ষায় নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দূষণ কমাতে সবাইকে নিজ নিজ বাসার ছাদে বাগান গড়ে তুলতে হবে। তবে ছাদবাগানে যেন কোথাও পানি জমে ডেঙ্গু মশার প্রজননস্থল সৃষ্টি না হয়, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করা প্রয়োজন। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণে কাজ করে যাবে।
অনুষ্ঠান শেষে ডিএনসিসি প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
/এসএন