রোববার জাতীয় সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের জন্য এক ব্যতিক্রমী ও আনন্দঘন মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এদিন সংসদ সচিবালয়ের কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে সংসদ ভবনে আসেন। তাদের এই সফরকে আরও স্মরণীয় করে তুলতেই প্রধানমন্ত্রী তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন।
মধ্যাহ্নভোজে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের ২৯ জন শিক্ষার্থী, গণসাক্ষরতা অভিযানের সহযোগী সংস্থা ‘সুরভী’র সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২১ জন এবং তেজগাঁও কলেজ ডিবেটিং সোসাইটির শিক্ষার্থী ও শিক্ষকসহ ১৬ জন অংশ নেন।
এ সময় প্রধানমন্ত্রী উপস্থিত শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে নিজেদের যোগ্য, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে।
প্রধানমন্ত্রীর আয়োজনে এই মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সুযোগ পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকরা সরকারপ্রধানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, সংসদ ভবন পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে এসব শিক্ষার্থী সংসদ সচিবালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে ধারণা গ্রহণ করেন। পাশাপাশি তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন, উত্তর প্লাজায় ফটোসেশন এবং সংসদ অধিবেশন কক্ষে সংসদের কার্যক্রমও প্রত্যক্ষ করেন।
/এসএন