সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বিরোধী দল হিসেবে এটি তাদের প্রথম অভিজ্ঞতা। তাই সমালোচনায় ভুল থাকা স্বাভাবিক। সময়ের সঙ্গে তারা আরও পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
বিরোধী দলের উদ্দেশে শেখ রবিউল আলম বলেন, ‘আপনারা এই প্রথম বিরোধী দল হয়েছেন। আমার বিশ্বাস, অনেক জায়গায় সমালোচনা করতে আপনারা ভুল করেছেন। আরও দুই-চারবার বিরোধী দলে থাকলে আস্তে আস্তে সমালোচনা করাটাও বুঝে যাবেন।’
তিনি বলেন, ‘আমি বিরোধী দলের সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। এই সরকার তাদের প্রথম বাজেট উপস্থাপন করেছে। বাজেট হচ্ছে রাষ্ট্র কর্তৃক আহরিত অর্থের সম্ভাব্য ব্যবহারের চিত্র। সরকার এই বাজেট বাস্তবায়নের জন্যই জনগণের ম্যান্ডেট পেয়েছে।’
অর্থমন্ত্রীর প্রশংসা করে শেখ রবিউল আলম বলেন, ‘রাষ্ট্র পরিচালনার ব্যয় বা অনুন্নয়ন ব্যয় আগের অর্থবছরে ছিল ৭২ দশমিক ৭ শতাংশ। অর্থমন্ত্রী সেটি কমিয়ে ৬৬ দশমিক ৩ শতাংশে নিয়ে এসেছেন। অর্থাৎ তিনি অপচয় রোধ করেছেন এবং অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করেছেন।’
তিনি আরও বলেন, ‘একই সঙ্গে উন্নয়ন ব্যয় বাড়িয়ে ৩৩ দশমিক ৭ শতাংশ করা হয়েছে, যা গত অর্থবছরে ছিল ২৭ দশমিক ৩ শতাংশ।’
পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার এই জাতির জন্য বিপুল ঋণের বোঝা রেখে গেছে। সেই ঋণের সুদ পরিশোধ করতেই বর্তমান সরকারকে বাজেটের ১৩ দশমিক ৬ শতাংশ ব্যয় করতে হচ্ছে। এই ব্যয় না থাকলে অনুন্নয়ন ব্যয় আরও কমানো সম্ভব হতো।’
বাজেট আলোচনায় বিএনপি সরকারের সময়কার অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রসঙ্গও তুলে ধরেন শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সালে বিএনপি সরকারের আমলে প্রবৃদ্ধি ৬ দশমিক ১ থেকে ৬ দশমিক ৯ শতাংশ হয়েছিল। এবার আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। বিএনপি জানে কীভাবে লক্ষ্য অর্জন করতে হয়।’
সূত্র: জাতীয় সংসদ
/এএসএফ