• ঢাকা
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পিএম


কুনমিং-মিয়ানমার হয়ে বাংলাদেশে স্থল করিডোরের প্রস্তাব চীনের!

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৮ জুন ২০২৬ ৭:১৪ এএম

চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি স্থলপথের যোগাযোগ স্থাপনে একটি করিডোরের প্রস্তাব দিয়েছে বেইজিং। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বিষয়টি বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে।

শনিবার (২৭ জুন) বিকেলে প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পরিবহন ব্যয় কমিয়ে আনার লক্ষ্যেই চীন এ করিডোরের প্রস্তাব দিয়েছে। তবে বাংলাদেশ এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর চীন সফরে দুই দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং ৩টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে মোংলা বন্দর এবং চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) নির্মাণের চুক্তি রয়েছে। এছাড়া তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতায় সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশ নীতিগতভাবে একমত হয়েছে।

তিনি বলেন, মালয়েশিয়া সফরেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং বিনিয়োগ সহযোগিতা বিষয়ে দুটি নোট অব ভার্বাল স্বাক্ষর করেছে বাংলাদেশ ও মালয়েশিয়া। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে দুই দেশের মধ্যে একটি মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করার লক্ষ্যে কাজ করার বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।

রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ায় প্রায় দুই লাখ রোহিঙ্গা বসবাস করছে। তাদের প্রত্যাবাসনের নীতিগত বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একসঙ্গে কাজ করবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সদস্যপদের বিষয়ে বাংলাদেশের প্রতি চীনের সমর্থনের আশ্বাস পাওয়া গেছে।

এদিকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের আগামী ১৮ মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় প্রথম শিল্পকারখানা চালুর চ্যালেঞ্জ দিয়েছেন এবং তারা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশ ও চীন নীতিগতভাবে একমত হয়েছে।

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

/এএসএফ