• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম


১৪ মাস পর শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, খাওয়ানো হবে ২ কোটি ৩৫ লাখ শিশুকে

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২৫ জুন ২০২৬ ২:০৩ পিএম

প্রায় ১৪ মাস বিরতির পর আবারও দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন। আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত হবে এই বিশেষ কর্মসূচি। এদিন দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে দুর্গম এলাকার শিশুদের আওতায় আনতে ১২টি জেলার ৫৮টি উপজেলার ২৯০টি ইউনিয়নের ৭১৪টি ওয়ার্ডে মূল ক্যাম্পেইনের পরবর্তী চার দিন ‘চাইল্ড টু চাইল্ড সার্চিং’ কার্যক্রম পরিচালনা করা হবে। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে এ তথ্য জানিয়েছেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী।

ক্যাম্পেইন বাস্তবায়নের দায়িত্বে থাকা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের কর্মসূচিতে মোট ২ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ৯৭২ জন শিশুকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ লাখ ৩৮ হাজার ৭৯৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৫ লাখ ৭৬ হাজার ১৭৮ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ডা. মোহাম্মদ ইউনুস আলী জানান, আগামী ২৮ জুনের ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য ইতোমধ্যে দেশব্যাপী ১ লাখ ২০ হাজার কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এগুলো ইপিআই-এর নিয়মিত কেন্দ্র। পাশাপাশি লঞ্চঘাট, ফেরিঘাট, রেলস্টেশন, বাসস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ৫০০টি ভ্রাম্যমাণ কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের অভিভাবকদের নিজ নিজ এলাকার নিকটবর্তী কেন্দ্রে গিয়ে সন্তানদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ জুন সকালে রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার উপস্থিত থাকবেন।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্যরা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালিত হবে।

কর্মসূচির সার্বিক তদারকির জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন এবং উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা নিজ নিজ টিম নিয়ে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তারাও মাঠপর্যায়ে গিয়ে কার্যক্রম মনিটর করবেন বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

/এসএন