ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু। মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান।
সংরক্ষিত আসনের এই সংসদ সদস্য বলেন, কিছুদিন আগে তিনি একটি ‘আয়না ঘর’ দেখেছেন। সেখানে একটি ইলেকট্রিক চেয়ারও দেখেছেন, যে চেয়ারে বিরোধী দলের নেতাদের ইলেকট্রিক শক দেওয়া হতো বলে তিনি উল্লেখ করেন।
স্পিকারকে উদ্দেশ করে রেহানা আক্তার রানু বলেন, ‘আমার দাবি, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ওই চেয়ারে বসাইয়া, শোয়াইয়া শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দিতে হবে মাননীয় স্পিকার।’
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিরোধী পক্ষের আরেকটি বিপ্লব ও আন্দোলনের জন্য জনগণকে আহ্বানের প্রসঙ্গ টেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ‘আপনাদের অনৈক্যের কারণে যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, জীবনটা কালো করে ছাড়বে।’
একই বক্তব্যে তিনি সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সঙ্গে নার্সদের দুর্ব্যবহার নিয়েও অভিযোগ তোলেন। তার দাবি, অনেক নার্স রোগীদের সঙ্গে খুবই খারাপ আচরণ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।