• ঢাকা
  • বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ১১:০৫ পিএম


সংসদে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি বিএনপি এমপির

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ২২ জুন ২০২৬ ১০:০৬ পিএম

জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন ঝালকাঠী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) সংসদে দেওয়া বক্তব্যে তিনি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে এ দাবি জানান।

রফিকুল ইসলাম জামাল বলেন, ১৯৭১ সালে যে দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের এ দেশের রাজনীতিতে অংশ নেওয়ার কোনো অধিকার নেই। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিস্টদের মতো জামায়াতের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।

বক্তব্যে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণারও সমালোচনা করেন। তার অভিযোগ, কোনো দলের নামের সঙ্গে ‘ইসলাম’ শব্দ থাকলেই তা প্রকৃত ইসলামের প্রতিনিধিত্ব করে না। নির্বাচনী প্রচারণার সময় দলটির প্রার্থীদের কিছু বক্তব্য বিতর্কের জন্ম দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ঝালকাঠী-১ আসনের জামায়াত প্রার্থী ফয়জুল হকের একটি বিতর্কিত মন্তব্যের প্রসঙ্গ তুলে রফিকুল ইসলাম জামাল বলেন, ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতের নিশ্চয়তা দেওয়ার মতো অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়া হয়েছে। তার মতে, এ ধরনের কর্মকাণ্ড ধর্মের নামে রাজনীতিকে বিতর্কিত করে তুলেছে।

একই দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ ধর্মীয় উপাসনালয়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান। তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর, সেখানে নামাজ ও কোরআন শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। কোনো রাজনৈতিক দলের সেখানে সভা-সমাবেশ বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।

রেজা আহমেদ আরও বলেন, অন্যান্য রাজনৈতিক দল যদি মাঠ বা খোলা স্থানে কর্মীসভা আয়োজন করতে পারে, তাহলে জামায়াত কেন মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে—এ প্রশ্নও তোলেন তিনি। এ সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক সভা-মিটিং নিষিদ্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়নের আহ্বান জানান।

তার এই বক্তব্যের পক্ষে সংসদের অন্যান্য সদস্যদের সমর্থন প্রত্যাশা করেন কুষ্টিয়া-১ আসনের এই সংসদ সদস্য।

/এসএন