চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত রাফির মৃত্যু
রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট কাফরুল থানাকে অবহিত করা হয়েছে।
জানা যায়, গত ১০ জুন রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকায় চলন্ত মোটরসাইকেলে থাকা রাফির দিকে ইট ছুড়ে মারা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে তার মাথায় অস্ত্রোপচার করা হয় এবং পরবর্তী সময়ে আইসিইউতে রাখা হয়। টানা ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রধান অভিযুক্ত কালু, পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
নিহত সাজিদ চৌধুরী রাফি রাজধানীর কাফরুলের ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা। তিনি শামসুল চৌধুরী শান্তর ছেলে।
রাফির মা তানিয়া সিকদার বলেন, পৈতৃক সূত্রে রাফি বিপুল সম্পত্তির মালিক ছিল এবং পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিল। তিনি অভিযোগ করে বলেন, “রাফি শেষ হয়ে গেলে সম্পত্তি নিয়ে আর কোনো জটিলতা থাকছে না।”
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
/এএসএফ