• ঢাকা
  • শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম


মা দিবসে মাকে কী উপহার দেবেন—জানুন কিছু ভাবনা

দি পালস বিডি অনলাইন ডেস্ক
আপডেট টাইম: ৬ মে ২০২৬ ৪:৪২ পিএম

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রবিবার উদ্‌যাপিত হয় মা দিবস। দিনটি ঘিরে সন্তানদের মধ্যে থাকে নানা পরিকল্পনা ও আয়োজন। তবে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়—কী দিলে মা সত্যিই খুশি হবেন।

তিন সন্তানের মা কোহিনূর জাহানের কাছে মা দিবসের আনন্দ লুকিয়ে থাকে পরিবারের সঙ্গে সময় কাটানোর মধ্যেই। তিনি মনে করেন, ঘরোয়া আয়োজন কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে বাইরে গিয়ে ফুচকা-চটপটির মতো ছোটখাটো আড্ডাই তাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। তবে উপহার হিসেবে বই তার বিশেষ পছন্দ।

অন্যদিকে ৭০ বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহসিনা বেগমের কাছে মা দিবস তুলনামূলক নতুন একটি অভিজ্ঞতা। কয়েক বছর আগেও এমন দিবসের প্রচলন ছিল না বলে তিনি জানান। এখন সন্তান ও নাতি-নাতনিদের কাছ থেকে পাওয়া এই উদ্‌যাপন তাকে আনন্দ দেয়। উপহার নিয়ে তেমন প্রত্যাশা না থাকলেও তিনি জানান, গাছের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে—একটি ছোট গাছই তার কাছে হতে পারে সবচেয়ে প্রিয় উপহার।

স্নিগ্ধা মরিয়মের সন্তানরা এখনো ছোট হওয়ায় মা দিবসে বিশেষ কোনো উপহারের প্রত্যাশা তার নেই। তবে মাঝে মাঝে তার স্বামী কেক বা ছোটখাটো উপহার দিয়ে দিনটিকে বিশেষ করে তোলেন। পরিবারের সঙ্গে বাইরে কোথাও ঘুরতে যাওয়া তার কাছেও আনন্দের বিষয়।

বর্তমানে উপহারসামগ্রীর দোকানগুলোতে মা দিবসকে কেন্দ্র করে ব্যবহারিক উপহারগুলোর চাহিদা বেশি দেখা যাচ্ছে। যেমন কিচেন অর্গানাইজার, স্টোরেজ বক্স, কফি মগ কিংবা বিভিন্ন ধরনের তৈজসপত্র—যেগুলো প্রতিদিনের কাজে ব্যবহার করা যায়। মিনিসো, ইয়ো ইয়ো সো এবং মি ডি আই ওয়াইয়ের মতো দোকানগুলোতে এসব উপহারের বড় সংগ্রহ রয়েছে, যা একদিকে আকর্ষণীয়, অন্যদিকে ব্যবহারযোগ্য।

এ ছাড়া আবেগমাখা উপহার হিসেবে কাস্টমাইজড বা স্মৃতিনির্ভর উপহারও জনপ্রিয় হয়ে উঠেছে। যেমন ছবির ফ্রেম, মেমোরি অ্যালবাম, মায়ের ছবি সংবলিত মগ বা হাতে লেখা চিঠি—এই ছোট উপহারগুলো দীর্ঘদিন ধরে স্মৃতিতে থেকে যায়। বিভিন্ন ফেসবুক পেজ যেমন ‘উপহার বিডি’, ‘সুগারি গিফটস’ বা ‘রাভেন গিফট শপ’-এ নাম, ছবি বা ব্যক্তিগত বার্তা যুক্ত করে এমন উপহার তৈরি করা যায়। অনলাইনের বিভিন্ন দোকান থেকেও মায়ের পছন্দের গাছ বা বই সংগ্রহ করা সম্ভব।

এখন মা ও সন্তানের মিলিয়ে পোশাক পরার প্রবণতাও বাড়ছে। জনপ্রিয় ফ্যাশন হাউস বিশ্বরঙ মা দিবস উপলক্ষে ‘মা-মেয়ে ম্যাচিং কালেকশন’ এনেছে, যেখানে একই নকশার পোশাক দুই প্রজন্মের জন্য তৈরি করা হয়েছে। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে তৈরি এসব পোশাক সম্পর্কের বন্ধনকে নতুনভাবে প্রকাশ করে।

মায়েদের জন্য সেলফ-কেয়ার বা ব্যক্তিগত যত্নের উপহারও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ত্বকচর্চার সামগ্রী, সুগন্ধি বা স্পা কিট—এসব উপহার মায়েদের নিজের জন্য কিছু সময় বের করার সুযোগ দেয়, যা তাদের মানসিকভাবে সতেজ থাকতে সহায়তা করে।

এ ছাড়া বর্তমানে ‘এক্সপেরিয়েন্স গিফট’ বা অভিজ্ঞতাভিত্তিক উপহারও গুরুত্ব পাচ্ছে। যেমন পরিবারের সঙ্গে বাইরে খেতে যাওয়া, কোথাও ঘুরতে যাওয়া বা একটি দিন পুরোপুরি মায়ের জন্য রাখা—এসব আয়োজন মায়েদের জন্য দীর্ঘস্থায়ী আনন্দের উৎস হয়ে ওঠে এবং পারিবারিক সম্পর্ক আরও গভীর করে।

সব মিলিয়ে মা দিবসে উপহার যতই ছোট হোক না কেন, ভালোবাসা ও আন্তরিকতাই সবচেয়ে বড় বিষয়। তাই মাকে খুশি করতে আগে থেকেই এমন কোনো আয়োজন করা যেতে পারে, যা তার জন্য আনন্দদায়ক ও স্মরণীয় হয়ে থাকবে।

/এসএন